
আজ ১১ এপ্রিল খ্যাতনামা চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী-এর মৃত্যুবার্ষিকী। ২০২৩ সালের এই দিনে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার কর্ণফুলী নদীর তীরবর্তী কোয়েপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষাজীবনে পুরান ঢাকার নবকুমার ইনস্টিটিউশন থেকে মেট্রিক এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করে ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৬৬ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে এফআরসিএস ডিগ্রির জন্য লন্ডনে গেলেও মহান মুক্তিযুদ্ধ শুরু হলে পড়াশোনা ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতে গিয়ে গেরিলা প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ডা. এম এ মবিনের সঙ্গে মিলে আগরতলার মেলাঘরে ৪৮০ শয্যার ‘বাংলাদেশ ফিল্ড হাসপাতাল’ প্রতিষ্ঠা করেন। সেখানে স্বল্প সময়ে বহু নারীকে প্রাথমিক স্বাস্থ্যসেবায় প্রশিক্ষণ দিয়ে যুদ্ধাহতদের চিকিৎসা সেবায় যুক্ত করেন—যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়।
স্বাধীনতার পর তিনি প্রতিষ্ঠা করেন গণস্বাস্থ্য কেন্দ্র, যা দেশের প্রান্তিক মানুষের জন্য স্বল্প খরচে চিকিৎসা সেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯৮২ সালের জাতীয় ঔষধনীতি প্রণয়নেও তার অবদান ছিল উল্লেখযোগ্য।
জনস্বাস্থ্য খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৭৭ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এছাড়া রামন ম্যাগসাইসাই পুরস্কার (১৯৮৫), রাইট লাইভলিহুড পুরস্কার (১৯৯২)সহ দেশ-বিদেশের বহু সম্মাননায় ভূষিত হন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী তাঁর কর্ম, চিন্তা ও মানবিক দর্শনের মাধ্যমে আজও দেশের জনস্বাস্থ্য আন্দোলনে প্রেরণার উৎস হয়ে আছেন।


