
নগরের সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (কেএমপি ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও ৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে সোনাডাঙ্গা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রূপক মন্ডল (৩০), অনুপম বর্মন (৩২), মোহিত সরদার (২৮) ও সুমন রায় (২৮)। তাদের সবার বাড়ি খুলনার দাকোপ থানার হরিণটানা এলাকায়।
পুলিশ জানায়, অভিযানে বাসার ড্রয়িং রুম থেকে তাদের আটক করা হয়। এ সময় ৭টি অ্যান্ড্রয়েড ও ৬টি বাটন ফোনসহ মোট ১৪টি মোবাইল এবং একটি এইচপি ল্যাপটপ জব্দ করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ৮৫ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মোবাইল ডিভাইস ও ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জুয়া পরিচালনা ও অংশগ্রহণ করতেন। পাশাপাশি বিকাশ, নগদ, রকেট, উপায় ও Binance অ্যাপের মাধ্যমে অবৈধ ই-ট্রানজেকশনও করতেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


