
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী। পরে শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারী সংগঠন, বিভিন্ন আবাসিক হল, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১০টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী।
সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা এবং পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী রেজিস্ট্রার মো. ওমর ফারুক।
আলোচনা সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, অসাম্প্রদায়িক চেতনা এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


