
জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনিভাবে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি দেশে আসা মাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যাদের সাজা হয়ে গেছে, তাদের দেশে ফিরিয়ে এনে দেশের মাটিতে সাজা কার্যকর করা হবে। বাংলাদেশের মানুষ তা দেখতে চায়। আমরা একাধিকবার বলেছি—প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী বলেছেন, আইনি প্রক্রিয়াটি কী। যেহেতু সাজা হয়ে গেছে, সেহেতু একজন আসামির আইনগতভাবে আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। তিনি যখনই দেশে আসবেন গ্রেপ্তার হবেন। আমাদের লক্ষ্য প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনা।’


