
আগামী সপ্তাহে পুলিশের জন্য পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজধানীতে শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী সপ্তাহে একটা আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। এর জন্য পুলিশ সদর দপ্তরে অ্যাডিশনাল আইজিপির কোনো পদ তৈরি করা প্রয়োজন হলে আমরা সেটি করব।’
তিনি জানান, প্রস্তাবিত ইউনিটের কার্যক্রম মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত থাকবে। থানা ও জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটকে আধুনিক সরঞ্জাম দিয়ে সক্ষম করার পাশাপাশি পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে বড় ধরনের ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তার ব্যবস্থা রাখা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের প্রকল্প প্রণয়নের জন্য কয়েক সপ্তাহ আগেই নির্দেশ দেওয়া হয়েছে। জটিল ও বড় ধরনের সাইবার অপরাধের তদন্ত ও বিশ্লেষণ কেন্দ্রীয় পর্যায়ে করা হবে। আর থানা, জেলা বা বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ করা সম্ভব এমন ঘটনাগুলো সংশ্লিষ্ট পর্যায়েই নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।
পুলিশ সদস্যদের কারও কারও বিরুদ্ধে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের কেউ কেউ এখনো ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হয়ে যোগাযোগ রাখছে, নানা ধরনের সংবাদ দিচ্ছে। এ ধরনের কার্যক্রমে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।’
সাইবার অপরাধের বিস্তার তুলে ধরে তিনি বলেন, ‘সাইবার স্পেসকে ব্যবহার করে যেসব অপরাধ হচ্ছে, সেগুলো আধুনিক অপরাধপ্রবণতার একটি বড় বৈশিষ্ট্য। কোনো কোনো রাষ্ট্রে ৪৪ শতাংশ পর্যন্ত অপরাধ সাইবার বা স্ক্যামভিত্তিক হচ্ছে। সে জন্য এ বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হচ্ছে।’


