
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী সেক্রেটারি ও খুলনা-২ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, একটি দল সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাদেরকেও জনগণ উৎখাত করবে। সুতরাং আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাই মিলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। হ্যাঁ ভোট জয়যুক্ত করতে হবে। তিনি বলেন, তোমাদের ধোঁকাবাজি জনগণ বুঝে গেছে। এর জবাব ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। ১২ তারিখের পর ওদেরকে তা বুঝিয়ে দিতে হবে। ওই দলটি একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।
এ বিষয়ে তাদের অভিজ্ঞতা প্রচুর, জনগণ আর তাদেরকে সুযোগ দেবে না। তিনি বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই। দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রার্থীকেই নির্বাচিত করতে হবে বলে তিনি মন্তব্য করেন। খুলনা-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রোববার (১ ফেব্রুয়ারি) নগরীর ২৫ নং ওয়ার্ডের বানরগাতি মিল চত্বরে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সভায় বক্তৃতা করেন খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, প্রকাশনা সম্পাদক মাওলানা শাহারুল ইসলাম, অফিস সম্পাদক মিম মিরাজ হোসাইন, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এডভোকেট আওসাফুর রহমান, অধ্যাপক রিয়াজুল ইসলাম প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন ডক্টর তাহিরুল আহসান তোহা।
এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, গত দুই মাস গণভোটের হ্যাঁ এর পক্ষে কোন প্রচার-প্রচারণা করে নাই। গণরোষের মুখে পড়ে এখন হ্যাঁ ভোটের কথা বলছে। ১১ দলীয় ঐক্য জোট যদি ক্ষমতায় যায় তাহলে সংস্কার কার্যক্রম সফল করব ইনশাআল্লাহ। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা স্বঘোষিত চাঁদাবাজদেরকে মানুষ প্রত্যাখান করবে।
তিনি বলেন, হিন্দুদেরকে ধানের শীষে ভোট দিতে হুমকি দেওয়া হচ্ছে। তারা নারীদের গায়ের কাপড় খুলে নেওয়ার চেষ্টা করছে। নারীদের উপর কোন হামলা করলে এখন থেকে প্রতিরোধ করতে হবে। আপনারা নির্বাচন কেন্দ্র পাহারা দিয়ে নিজেদের ভোট বুঝে নিবেন।


