
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়ন অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ওই অভিযানে নির্বিচার হত্যাকাণ্ড, পুরুষদের আলাদা করে হত্যা ও মৃত্যুদণ্ড, যৌন সহিংসতা, শিশুদের ওপর নির্যাতন এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠের সময় আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ওপর ব্যাপক সহিংসতা চালিয়েছে। বাংলাদেশে পালিয়ে যাওয়ার পথেও তাদের ওপর হামলা করা হয়।
বিচারক জানান, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশনস’ বা নির্মূল অভিযান শুরুর আগে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নিরাপত্তা চৌকি ও বেসামরিক লোকজনের ওপর হামলা এবং গ্রামে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছিল। তবে এসব ঘটনার পাশাপাশি রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড ও অন্যান্য সহিংসতারও প্রমাণ আদালতের সামনে এসেছে।
আদালতের পর্যালোচনা করা প্রমাণের ভিত্তিতে বিচারক ইওয়াসাওয়া বলেন, ২০১৭ সালের অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয়েছে।
রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবেও বিবেচনা করেছেন আদালত। বিচারক বলেন, তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে এবং তারা নিজেদের পৃথক জনগোষ্ঠী হিসেবে পরিচয় দেয়। কয়েক দশক ধরে মিয়ানমারে এই জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্য চালানোর প্রমাণও পাওয়া গেছে। এসব কারণে গণহত্যা সনদের আওতায় সুরক্ষা পাওয়ার যোগ্য গোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের স্বীকৃতি দিয়েছে আদালত।
বিচারক আরও জানান, ২০১৭ সালের অভিযান শুরুর আগে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বসবাস করতেন। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া এই জনগোষ্ঠীর সংখ্যা গণহত্যা সনদের আওতায় একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী হিসেবে বিবেচনার জন্য গুরুত্বপূর্ণ।
গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্বও ব্যাখ্যা করেন বিচারক ইওয়াসাওয়া। তিনি বলেন, কোনো রাষ্ট্রের অঙ্গপ্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের নির্ধারিত শর্তে রাষ্ট্রের ওপর আরোপযোগ্য হলে সংশ্লিষ্ট অপরাধের জন্য রাষ্ট্রকে দায়ী করা যেতে পারে। ব্যক্তির ক্ষেত্রে অপরাধের দায় নির্ধারিত হলেও রাষ্ট্রের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের অধীনে দায়িত্ব ও বাধ্যবাধকতার প্রশ্ন আসে। তবে রাষ্ট্রের দায়বদ্ধতা ব্যক্তির ফৌজদারি অপরাধের দায়ের মতো নয়।
রোহিঙ্গাদের জন্মহার কমানোর উদ্দেশ্যে মিয়ানমার সরকার বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল বলেও রায়ে উল্লেখ করেন বিচারক। তিনি জানান, ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বিয়ের জন্য বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। পাশাপাশি বিবাহিত দম্পতিদের সন্তানসংখ্যা সর্বোচ্চ দুটিতে সীমিত রাখার বিধানও ছিল।
বিচারক বলেন, এসব পদক্ষেপের উদ্দেশ্য রোহিঙ্গাদের জন্মহার কমানো ছিল বলে মিয়ানমার স্বীকার করেছে। যদিও বাস্তবে জন্মহার নিয়ন্ত্রণে নীতিগুলো পুরোপুরি সফল হয়নি। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এসব বিধিনিষেধ ছিল রোহিঙ্গাদের ওপর চাপ প্রয়োগের ব্যবস্থা। অন্তত নির্মূল অভিযানের সময় তাদের জন্মহার কমানো এবং বংশবিস্তার বাধাগ্রস্ত করাই ছিল এর উদ্দেশ্য।
এ ছাড়া সামরিক অভিযানের সময় যৌন সহিংসতার ঘটনাগুলোও তুলে ধরেন বিচারক। তাঁর ভাষ্য, রোহিঙ্গাদের সন্তান জন্মদানের ইচ্ছা ও সক্ষমতা শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এসব সহিংসতা চালানো হয়েছিল।
বৃহস্পতিবার আদালতে রায় পাঠের সময় বিচারক ইওয়াসাওয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে কি না, সে বিষয়ে আদালতের সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়া ও সংশ্লিষ্ট পর্যবেক্ষণ তুলে ধরছিলেন।
তথ্যসূত্র: বিবিসি।


