
বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাঙ্গনে নৈরাজ্য ছিল, আর বর্তমান সরকার শিক্ষার গুণগত মান ও কর্মমুখী শিক্ষার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিগত সময়ে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াই অনেক কলেজে অনার্স কোর্স চালু করা হয়েছে। এখন সরকারের লক্ষ্য, শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। এ জন্য প্রাথমিক স্তর থেকে কারিগরি, বৃত্তিমূলক, সাংস্কৃতিক ও ক্রীড়া শিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষকদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসএসসির পুনর্নিরীক্ষণে ৪৫ হাজার এবং এইচএসসির পুনর্নিরীক্ষণে ২৩ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। বিষয়টি উদ্বেগজনক।
তিনি আরও জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের বছর নষ্ট হওয়া ঠেকাতে আগামী ৩ ডিসেম্বর প্রায় ২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থীর জন্য সম্পূরক পরীক্ষার আয়োজন করা হয়েছে।
কলেজ অধ্যক্ষদের নিয়মিত পাঠদান নিশ্চিত করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি ও মর্যাদার বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিক। তাই শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত না করে দায়িত্ব পালনে মনোযোগী হতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সম্মিলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষা খাতের কর্মকর্তারা এতে অংশ নেন।


