
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় সামলাতে ব্যর্থ হয়ে অন্য মন্ত্রণালয়ের কাজে হস্তক্ষেপ করছেন। তাঁর দাবি, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
শনিবার (২৪ অক্টোবর) মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, যিনি সব মন্ত্রণালয়ে মাতব্বরি করেন। অথচ তার নিজের মন্ত্রণালয়ের খবর নেই।” শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকারসহ বিভিন্ন ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপকে তিনি সুশাসনের পরিপন্থী বলে মন্তব্য করেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জামায়াত আমির বলেন, খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও দখলবাজি বাড়ছে। পুলিশকে দলীয় কাজে ব্যবহার না করে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
অতীতে লুটপাট ও চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিদের বিভিন্ন রাজনৈতিক দলে আশ্রয় নেওয়ার চেষ্টা সম্পর্কে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজেরা কোনো দলের সম্পদ নন; তাঁরা নিজেদের পাশাপাশি দলকেও বিপদে ফেলেন। জামায়াতে ইসলামীতেও এ ধরনের ব্যক্তিদের জায়গা নেই বলে জানান তিনি।
বিরোধী দলের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি দেশের স্বার্থে ভালো কাজে সহযোগিতা করবেন তাঁরা। জামায়াত একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


