
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। দেশের স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দর কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও সোনার দাম কমানো হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ সকালে বাজুসের স্ট্যান্ডিং অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ দাম কমানোর সিদ্ধান্ত নেয়।
পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম তিন হাজার দুইশ ৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৫ হাজার দুইশ ৯০ টাকা।
২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম তিন হাজার ১৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৫ হাজার ১৪২ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম দুই হাজার ৬৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম দুই হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
এর আগে ২৭ জুন সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম পাঁচ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে দুই লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম পাঁচ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে দুই লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম চার হাজার ৪৯০ টাকা বাড়িয়ে এক লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম তিন হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে এক লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে ভ্যাটসহ সোনার গহনার দাম নির্ধারণ করা হলেও রুপার ক্ষেত্রে আগের নিয়মই বহাল রাখা হয়েছে। অর্থাৎ রুপার গহনা কিনতে নির্ধারিত দামের ওপর পাঁচ শতাংশ ভ্যাট দিতে হবে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার ৬৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম চার হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম তিন হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এনিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪১ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৪২ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।
দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড সৃষ্টি করে।


