
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনা নগরীতে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুমহল সামাজ কল্যান সংস্থা’। সংগঠনটির উদ্যোগে নগরীর এক হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টায় নগরীর জাতিসংঘ শিশুপার্কে আয়োজিত এই বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা।
এ সময় তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও বন্ধুমহল সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন উদ্যোগ শুধু সহানুভূতির প্রকাশ নয়, বরং সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার চর্চাকে আরও শক্তিশালী করে। তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের উচিত এই ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা। কারণ, সমাজের সব মানুষকে সঙ্গে নিয়েই একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বন্ধুমহলের এই উদ্যোগ খুলনা নগরীর অন্যান্য সামাজিক সংগঠনের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত সুখ। যারা অসচ্ছলতার কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন, তাদের মুখে হাসি ফোটাতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি ভবিষ্যতেও বন্ধুমহলের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বন্ধুমহল সামাজিক সংস্থা দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারের ঈদে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী শওকত হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শিশির রঞ্জন মল্লিক, ব্যবসায়ী শাহজাহান হোসেন , সাংবাদিক রকিবুল ইসলাম মতি, সাংবাদি আশরাফুল ইসলাম নুর, ব্যবসায়ী কাজী আশরাফুর রহমান সাগর, আলি পাকবাজ জুয়েল, সাংবাদিক সোহাগ দেওয়ান, লিটন ইরফান , আওয়াল শেখ, বেল্লাল হোসেন , আবু আনসারী মুন্না, খালিদ হোসেন লিটন, মেজবাহউদ্দিন পপলু , আব্দুল আলিম , মঈনুল ইসলাম কিরন , জিয়াউর রহমান খান আপন, কে এম গোলাম কবির স্বপন, সুমন আহম্মেদ প্রমুখ।
সভাপতিত্ব করে বন্ধুমহল সামাজিক সংস্থার সভাপতি মো. শাহিনুল ইসলাম এবং সঞ্চালনা করে সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে সুবিধাভোগী পরিবারের সদস্যরা এ ধরনের উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


