বঙ্গোপসাগরের তীরবর্তী সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। রোববার (২২ নভেম্বর) ভোর ৫টা থেকে বন বিভাগের অনুমতি ও নির্ধারিত নৌপথ অনুসরণ করে সনাতন ধর্মাবলম্বী পূর্ণার্থীরা উৎসবে যোগ দিতে দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করেন।
বন বিভাগের তত্ত্বাবধানে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই ও ঢাংমারী স্টেশনসহ নির্ধারিত প্রবেশপথ থেকে পাস সংগ্রহ করে পূর্ণার্থীরা এই যাত্রায় অংশ নেন। দুবলার চরের আলোরকোলে স্থাপিত অস্থায়ী মন্দিরে রাস পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে বঙ্গোপসাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের উৎসব।
তবে নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এবারও রাস উৎসব উপলক্ষে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা মেলার আয়োজন রাখা হয়নি। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মের মানুষ ও পর্যটকদের দুবলার চরে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পূর্ণার্থীদের পূজা ও পুণ্যস্নান সম্পন্ন করেই নির্ধারিত পথে ফিরে আসতে হবে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, নির্ধারিত রাজস্ব জমা, জাতীয় পরিচয়পত্র প্রদান এবং বন বিভাগের পাস গ্রহণের মাধ্যমে কেবল সনাতন ধর্মাবলম্বী পূর্ণার্থীদের যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বন বিভাগের তত্ত্বাবধানে নির্ধারিত রুটে তাদের দুবলার চরে নেওয়া হচ্ছে এবং একই পথে ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, হরিণ শিকার প্রতিরোধ এবং প্লাস্টিক বর্জ্যের দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবকে কেন্দ্র করে বন বিভাগের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
এবার পূর্ণার্থীদের যাতায়াতের জন্য বন বিভাগ পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে। এগুলো হলো—বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদীপথ; কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, শিবসা নদী ও মরজাত নদীপথ; নলিয়ান স্টেশন থেকে শিবসা ও মরজাত নদীপথ; ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপসংলগ্ন পশুর নদীপথ এবং বগী, বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলার চর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চরে পৌঁছানোর পথ।
জানা যায়, ১৮ শতকের শেষভাগ কিংবা ১৯ শতকের শুরুর দিকে হরভজন দাস নামে এক হিন্দু সন্ন্যাসী দুবলার চরে রাস পূজার প্রচলন করেন। সেই থেকে দীর্ঘদিন ধরে দুবলার চরের আলোরকোলে রাস পূর্ণিমা উপলক্ষে এ উৎসব পালিত হয়ে আসছে। দুবলা ফিশারম্যান গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এই ধর্মীয় উৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ সমাবেশ হিসেবে পরিচিত।


