
সাতক্ষীরার তালায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় হৃদয় (১৯) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে তালা উপজেলার ১ নম্বর ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে এ ঘটনা ঘটে।
আত্মহননকারী হৃদয় সাতক্ষীরার তালা উপজেল দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।
পুলিশও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ফেল করেছে জানতে পেরে হৃদয় বাড়ির সবার অজান্তে বেলা ১২টার দিকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এদিকে ঘটনার পর মৃতের মরদেহ উদ্ধারের সময় তার পাশ থেকে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে হৃদয় লিখেছে, ‘আজকের রেজাল্টার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার আব্বু-আম্মা আমার জন্য কত তাদের নিজেদের সুখ-শান্তি বিসর্জন দিয়েছে। আমি ও অনেক কষ্ট করেছি আজকের রেজাল্টার জন্য। বুঝতে পারছি না স্যারের ভুলে কেমন আজকে এমন হলো। আব্বু-আম্মা আমাকে ক্ষমা করে দিও’।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাট থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত ও চিরকুট পর্যালোচনা করে এটি আত্মহত্যার ঘটনা বলেই প্রতীয়মান হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান এবং থানায় অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।


