
সরকারি দলের আচরণে সংসদে থাকার আগ্রহ কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তাহের জানান, সংসদীয় কমিটির সভাপতির পদে সদস্যসংখ্যার অনুপাতে বিরোধী দলকে ২৬ শতাংশ দেওয়ার বিষয়ে সরকারি দলের সঙ্গে সমঝোতা হয়েছিল।
তিনি বলেন, আলোচনার ভিত্তিতে বিরোধী দলকে ১০টি কমিটির সভাপতির পদ দেওয়ার কথা বলা হলেও পরে সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকারি দল সিদ্ধান্ত নিচ্ছে।
সংসদ পরিচালনায় মন্ত্রীদের বারবার বক্তব্য দিতে দাঁড়ানোর সমালোচনা করে তাহের বলেন, এতে আলোচনার ভারসাম্য নষ্ট হচ্ছে। তিনি স্পিকারকে বিষয়টি দেখার অনুরোধ জানান।
সংখ্যাগরিষ্ঠতার জোরে সব কমিটির সভাপতির পদ সরকারি দলের দখলে রাখার সমালোচনা করে তিনি বলেন, সংসদে বৈষম্য সৃষ্টি করা উচিত নয়।


