
দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণার অংশ হিসেবে খুলনায় ১২ হাজার ৫০০ ফলজ, বনজ ও ভেষজ গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
বুধবার (১৫ জুলাই) সকালে কর্মসূচির দ্বিতীয় দিনে নগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে পুলিশ কমিশনার বলেন, ‘আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই। পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ দেশের প্রতি আমাদের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অবদান হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আজ আমরা যে গাছ লাগাব, তার সুফল ভোগ করবে আমাদের সন্তান ও আগামী প্রজন্ম। সবাই মিলে এগিয়ে এলে খুলনাসহ পুরো বাংলাদেশ সবুজ, সুন্দর ও বাসযোগ্য দেশে পরিণত হবে।’
কর্মসূচির অংশ হিসেবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এ সময় কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন পুলিশ কমিশনার। সেখানে খুলনা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এবং শহীদ হাদিস পার্কে আয়োজিত কর্মসূচিতে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলাম মঞ্জু, প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান উপস্থিত ছিলেন।
পরে খুলনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ মো. আব্দুল লতিফসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, ডেপুটি পুলিশ কমিশনার মো. রেজাউর রহমান, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার অমিত কুমার বর্মন, সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ও মো. গোলাম মোর্শেদসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।


