
খুলনার শিববাড়ি মোড়ের গোলচত্বরে বিএনপির একটি ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ধাওয়া করলে মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হেলমেট পরা দুই যুবক মোটরসাইকেলে করে শিববাড়ি মোড়ে এসে বিএনপির ব্যানারে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে ব্যানারটিতে আগুন ছড়িয়ে পড়ে। এর আগেই মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ছাড়েন তাঁরা।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই যুবক ময়লাপোতা হয়ে শিববাড়ি মোড়ে আসেন। সেখানে গোলচত্বরে থাকা বিএনপির ব্যানারে আগুন দিয়ে তাঁরা নিউ মার্কেটের দিক দিয়ে পালিয়ে যান। পুলিশ তাঁদের ধাওয়া করেছিল।
ওসি আরও বলেন, দুর্বৃত্তদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তাঁদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


