
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন মিয়ানমারে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি কারি। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সহায়তা বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) ঢাকায় জাতিসংঘ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কেলি কারি।
তিনি বলেন, মিয়ানমারে সহিংসতা, দমন-পীড়ন ও পরিকল্পিতভাবে অধিকার থেকে বঞ্চিত করার কারণে ১০ লাখের বেশি রোহিঙ্গা ও অন্যান্য শরণার্থী এখনো নিরাপদে নিজ দেশে ফিরতে পারছেন না। ক্যাম্পে নিরাপত্তাহীনতা, মানবিক সহায়তা কমে যাওয়া এবং মিয়ানমারের চলমান সংঘাত প্রত্যাবাসনের সম্ভাবনাকে আরও কঠিন করে তুলেছে।
কেলি কারি বলেন, রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সমস্যাকে আলাদা বা সাময়িক সংকট হিসেবে না দেখে পরস্পর সম্পর্কযুক্ত বিষয় হিসেবে বিবেচনা করতে হবে। বাংলাদেশের স্বার্থসহ সংশ্লিষ্ট সব জনগোষ্ঠীর কল্যাণে সমন্বিত নীতিগত উদ্যোগ প্রয়োজন।
বাংলাদেশের নবনির্বাচিত সরকার রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কৌশল তৈরিতে বিশেষ কমিটি গঠন করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যাবাসনের সম্ভাব্য সময় বিবেচনায় এখন থেকেই শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি নিতে হবে। বিদ্যমান ব্যবস্থার সক্ষমতাও বাড়ানো জরুরি।
মিয়ানমারের পরিস্থিতি বিশেষ করে রাখাইন রাজ্যে ভয়াবহ উল্লেখ করে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, সেখানে তীব্র সংঘাতের পাশাপাশি বেসামরিক মানুষ ও অবকাঠামোর ওপর প্রাণঘাতী হামলা চলছে। রোহিঙ্গাসহ প্রান্তিক জনগোষ্ঠী মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ ও আরাকান আর্মি—উভয়ের নিয়ন্ত্রণাধীন এলাকায় দমন-পীড়নের শিকার হচ্ছে। এ পরিস্থিতিতে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না; বরং আরও মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে।
আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় সংকট আরও জটিল হচ্ছে বলে মন্তব্য করেন কেলি কারি। বিশেষ করে সুরক্ষা, শিক্ষা, জীবিকায়ন ও জরুরি নয় এমন স্বাস্থ্যসেবায় অর্থায়ন কমে যাওয়ায় রোহিঙ্গাদের দুর্ভোগ বাড়ছে। শুধু জীবন রক্ষাকারী জরুরি সহায়তায় গুরুত্ব দিলে সংকটের অন্যান্য গুরুত্বপূর্ণ দিক উপেক্ষিত থেকে যায় বলেও সতর্ক করেন তিনি।
কেলি কারি বলেন, সহায়তা আরও কমলে আশাহীন একটি তরুণ প্রজন্ম তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। কক্সবাজারের শরণার্থীশিবিরে নিরাপত্তাহীনতার কারণে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে লিঙ্গভিত্তিক সহিংসতা ও শিশুদের বিরুদ্ধে গুরুতর অপরাধ বাড়ছে।
শিবিরে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়ে তিনি অননুমোদিত সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্রকে অপসারণ এবং নিরস্ত্রীকরণের ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, বাংলাদেশের শরণার্থীশিবির ও স্থানীয় জনগোষ্ঠীর মানবিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত সমস্যার সঙ্গে রাখাইনের সংঘাতের গভীর যোগসূত্র রয়েছে।
মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় প্রসঙ্গে কেলি কারি বলেন, এই রায় জবাবদিহি নিশ্চিত করার পথে একটি পদক্ষেপ হতে পারে।
উল্লেখ্য, ১১ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি কারি। আগামী ২০২৭ সালের মার্চে জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে তিনি সফরের পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবেন।


