
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় পর্যায়ে রাখতে ১০টি পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধায় আমদানিকারকেরা সর্বোচ্চ ৯০ দিন বা তিন মাসের বাকিতে পণ্য আমদানি করতে পারবেন।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোতে পাঠিয়েছে।
সার্কুলার অনুযায়ী, চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে। এসব পণ্যের বাণিজ্যিক আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ৯০ দিনের ঋণ সুবিধা প্রযোজ্য হবে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফইপিডি-১) নাসিমা সুলতানা স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে। তবে এ বিষয়ে আগে জারি করা অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশনা বহাল থাকবে।
সার্কুলারের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোকে দ্রুত তাদের সংশ্লিষ্ট গ্রাহকদের এ সুবিধার বিষয়ে অবহিত করতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক, রমজান, নিত্যপ্রয়োজনীয় পণ্য, বাকিতে আমদানি, ৯০ দিনের ঋণ সুবিধা, পণ্য আমদানি, চাল, পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, খেজুর
রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে চাল, পেঁয়াজ, চিনি, ভোজ্যতেলসহ ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধা চলবে ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত।


