
রমজান সামনে রেখে দেশে প্রয়োজনীয় ভোগ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানি কার্যক্রম এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পর্যাপ্ত মজুত ও সরবরাহ থাকায় রমজানে বাজারে পণ্যের সংকট তৈরি হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি বর্তমানে বৈশ্বিক বাস্তবতা। এর প্রভাব বিভিন্ন ভোগ্যপণ্যের দামেও পড়েছে। তবে আমদানি শুল্ক কমানোর পাশাপাশি বাজার স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
তিনি আরও বলেন, দেশের যেকোনো স্থান থেকে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স করার সুযোগ পাবেন। একই সঙ্গে সারা বছর ফলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে।
মতবিনিময় সভায় ব্যবসায়ী ও আমদানিকারকেরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধান ও বাস্তবায়নের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।
সভায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীরা সরকারের সঙ্গে সহযোগিতা করবেন।
তিনি জানান, প্রধান পণ্যগুলোর সরবরাহ পরিস্থিতি ও দাম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। এ জন্য আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে চেম্বারের পক্ষ থেকে নিয়মিত বৈঠক করা হবে।
আমিরুল হক বলেন, “আমরা প্রতি ১৫ দিন পরপর আপনাদের সঙ্গে বসব। কে কী আমদানি করছে, তা আমরা জানি, কারণ আমরা উন্মুক্ত বাজারে রয়েছি। কোনো পণ্যের সরবরাহ ঘাটতির আশঙ্কা দেখা দিলে তা মোকাবিলায় আমরা ব্যবস্থা নেব।”
ডাল, চাল, ছোলা, গম, সয়াবিন তেল, পাম তেল ও চিনিসহ রমজানে বেশি চাহিদার পণ্যগুলোর সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীরা সরকারকে সহযোগিতা করবেন বলেও জানান চট্টগ্রাম চেম্বারের সভাপতি।


