
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। অন্যদিকে, শতভাগ পাসের হার রয়েছে মাত্র তিনটি প্রতিষ্ঠানে।
শনিবার (৩১ অক্টোবর) বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
শূন্য পাসের ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল সাতক্ষীরার দেবহাটা উপজেলার এ কে ফজলুল হক এমসি কলেজে। প্রতিষ্ঠানটি থেকে ৪৯ জন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। নড়াইলের লোহাগড়া উপজেলার মাকরাইল করিম খালেক সোলাইমান ইনস্টিটিউট থেকে ৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে।
এ ছাড়া খুলনার কয়রা উপজেলার শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৭ জন, ঝিনাইদহের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজ থেকে ১৯ জন, মাগুরার বুজ্রুক শ্রীকুন্ডি কলেজ থেকে ১৫ জন এবং খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করেনি।
শূন্য পাসের তালিকায় আরও রয়েছে খুলনার ইনডিপেনডেন্স আইডিয়াল কলেজ (১১ জন), কুষ্টিয়ার হাজি নুরুল ইসলাম কলেজ (৮ জন), যশোরের মণিরামপুরের সবুজ পল্লি কলেজ (৭ জন), খুলনার মডেল মহিলা কলেজ (৩ জন), সাতক্ষীরার ইসলামিয়া মহিলা কলেজ (৩ জন), খুলনার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির (৩ জন), মাগুরার গোপীনাথপুর এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজ (২ জন), কুষ্টিয়ার জগন্নাথপুর আইডিয়াল কলেজ (১ জন), মেহেরপুরের মোরকা জাগরণ কলেজ (১ জন) এবং খুলনার কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস (১ জন)। এসব প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
অন্যদিকে, শতভাগ পাসের তালিকায় রয়েছে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৪৩ জন, খুলনার খালিশপুরের নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬১ জন এবং চুয়াডাঙ্গার ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৩ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে।


