
সন্তান জন্মের পর মায়েদের শরীরে নানা ধরনের পরিবর্তন আসা স্বাভাবিক। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফও এর ব্যতিক্রম নন। মাতৃত্বের পর নিজের শারীরিক পরিবর্তন ও জীবনের নতুন অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, সন্তান জন্মের পর তার ওজন ও শারীরিক গঠনে বেশ কিছু পরিবর্তন এসেছে। তবে এ নিয়ে তিনি উদ্বিগ্ন নন। তার মতে, মাতৃত্ব একজন নারীর জীবনের বিশেষ এক অভিজ্ঞতা এবং সন্তান জন্মের পর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক প্রক্রিয়া।
ক্যাটরিনা জানান, সন্তান জন্মের পর তার ত্বকও আগের তুলনায় বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। ত্বকের ধরন ও প্রয়োজন বদলে যাওয়ায় নিজের যত্নের ধরনেও পরিবর্তন এনেছেন তিনি।
এই সময়ে শরীর নিয়ে অন্যের মন্তব্য বা সৌন্দর্য নিয়ে অযথা দুশ্চিন্তা না করে নিজের শরীরের যত্ন নেওয়া এবং সুস্থ থাকার ওপর গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন ক্যাটরিনা।
অভিনেত্রী জানান, বর্তমানে ত্বকের যত্নে কোনো নির্দিষ্ট রুটিন কঠোরভাবে অনুসরণ করেন না। প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী রুটিনে পরিবর্তন আনেন। শরীর সময়ের সঙ্গে স্বাভাবিকভাবেই আবার আগের ছন্দে ফিরবে বলেও মনে করেন তিনি।
সন্তান জন্মের পর জীবনে বড় পরিবর্তন এসেছে বলেও জানান ক্যাটরিনা। এখন ক্যারিয়ার ও কাজের পাশাপাশি সন্তানের যত্ন নেওয়া এবং তাকে সময় দেওয়াই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
সৌন্দর্যের পেছনে ছুটার চেয়ে স্বাস্থ্যকর খাবার, নিয়মিত শরীরচর্চা, ধ্যান, সকালের মিষ্টি রোদে কিছু সময় কাটানো এবং ফোন থেকে বিরতি নেওয়াকে বেশি গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী।


