সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশি বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট যাবে মহাকাশে: তারেক রহমান | চ্যানেল খুলনা

বাংলাদেশি বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট যাবে মহাকাশে: তারেক রহমান

আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের বিজ্ঞানীদের নিয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আপনারা স্পারসোর নাম শুনেছেন। আমরা অলরেডি কাজে হাত দিয়েছি। আগামী তিন বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব। আমাদের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন। তারা সবাই বাংলাদেশের বিজ্ঞানী।’

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিগত বিপ্লবের এই সময়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (এসটিইএম) শিক্ষা, গবেষণার সুযোগ এবং আধুনিক গবেষণাগার ও ইনকিউবেশন সুবিধা পেলে বাংলাদেশের তরুণেরা বৈশ্বিক উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। এ জন্য মেধাভিত্তিক ও কার্যকর পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার।

বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে পড়লে দেশও পিছিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের এখন থেকেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

তারেক রহমান বলেন, বিমান চালনা কিংবা ব্যবস্থাপনার মধ্যে নিজেদের সম্ভাবনাকে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। উপযুক্ত পরিবেশ পেলে বাংলাদেশের তরুণেরা একদিন আকাশ জয় করতে পারবেন। এভিয়েশন আকাশপথে যোগাযোগের সুযোগ তৈরি করে, আর অ্যারোস্পেস পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে মহাকাশের সম্ভাবনার দ্বার খুলে দেয়।

প্রধানমন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ পরিকল্পনা বাস্তবায়নে দেশের একমাত্র এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, বর্তমান বিশ্বে এভিয়েশন শুধু যাতায়াতের মাধ্যম নয়; আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন, চিকিৎসা ও অর্থনৈতিক উন্নয়নেরও অন্যতম চালিকাশক্তি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং ক্রমবর্ধমান অর্থনীতির কারণে এ খাতে সম্ভাবনা আরও বাড়ছে।

তরুণদের প্রযুক্তির কেবল ব্যবহারকারী না হয়ে উদ্ভাবক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতে হবে। তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থের অভাব যাতে বাধা না হয়, সে জন্য সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। এই অর্থ যথাযথভাবে ব্যবহারের পর প্রয়োজন হলে আরও বরাদ্দ দেওয়া হবে।

অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণদের উদ্ভাবন বাস্তব জীবনে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি। এসব উদ্ভাবন কীভাবে যোগাযোগব্যবস্থা উন্নত করা, কৃষিকাজে সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় ভূমিকা রাখতে পারে, তা নিয়ে গবেষণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরির প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

প্রতিযোগিতায় তরুণ উদ্ভাবকদের ৭৪টি দল ও ২৯৬ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। ফিক্সড-উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিক্স ও সকার বট—এই চার বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

তারেক রহমান, নিজস্ব স্যাটেলাইট, বাংলাদেশি স্যাটেলাইট, স্পারসো, অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বিজ্ঞানী, এভিয়েশন হাব, লালমনিরহাট

আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে বিজ্ঞানীরা কাজ করছেন বলে জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রধানমন্ত্রী কর্নার আরও সংবাদ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর

কপ-৩১-এর ফাঁকে তারেক-আলবানিজ বৈঠক, গুরুত্ব পেল তিন ইস্যু

জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কপ-৩১-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।