
থানা পুলিশ শুক্রবার বিকেলে ফুলতলার দামোদর পূর্বপাড়া শ্মশানঘাটের পাশে ভৈবর নদীর চরের পাথর ঘাট থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি রিভলবার, ১টি দোনালা কাটা বন্দুক ও ৯ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে। আটককৃতরা হলো দামোদর কলোনীপাড়ার সেলিম শেখের পুত্র তরিকুল ইসলাম ওরফে সুমন শেখ (২৩) এবং খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এলাকার নাজমুল আহমেদ চৌধুরীর পুত্র তানভীর চৌধুরী (২৭)।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, অস্ত্র বা মাদক বেচাকেনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে থানার এসআই শফিউজ্জামান এবং কনস্টেবল শুভ সাদা পোশাকে নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে একটা ব্যাগের উপর ৯ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ ৩টি বিদেশী আগ্নেয়াস্ত্র সামনে রেখে ৪ যুবককে মাটিতে বসা দেখেই ক্ষিপ্র গতিতে অস্ত্রসহ সুমন ও তানভীরকে ধরে ফেলেন।
এ সময় বাকি দুই যুবক দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ওসি মোস্তফা কামাল, ওসি (তদন্ত) শরিফুল ইসলাম পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তবে আগ্নেয়াস্ত্রসহ ৪ যুবকের উপস্থিতি কোন কিলিং মিশনে যাওয়া নাকি অস্ত্রের বেচাকেনা সেটি তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ধৃত অস্ত্রধারীদের জিজ্ঞাসাবাদ ও মামলার প্রস্তুতি চলছিল।


