
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫-এর আলোকে দেশের সাংবাদিকদের সরকারি প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান, নবায়ন এবং এই সংক্রান্ত যেকোনো জটিলতা নিরসনের লক্ষ্যে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। এই বিশেষ কমিটিতে অন্যতম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর-এর স্পেশাল করেসপন্ডেন্ট উম্মে মারুফা। নতুন এই শক্তিশালী কমিটি গঠনের সাথে সাথেই পূর্বের গঠিত সকল কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে।
প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসারকে (প্রটোকল) সদস্য-সচিব করে গঠিত এই কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তা ও দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের যুক্ত করা হয়েছে। উম্মে মারুফা ছাড়াও গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতাদের মধ্য থেকে এই কমিটিতে আরও স্থান পেয়েছেন দৈনিক দিনকালের সম্পাদক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডিইউজে-বিএফইউজে-এর মহাসচিব কাদের গনি চৌধুরী, জেডনিউজডটনিউজের নির্বাহী সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম এবং একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ মো. শফিকুল ইসলাম (শফিক আহমেদ)।
পাশাপাশি সরকারি কর্মকর্তাদের মধ্যে সদস্য হিসেবে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব।
নবগঠিত এই কমিটির ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। কমিটি মূলত সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সাথে কার্ড সংক্রান্ত যেকোনো ধরনের আপত্তি ও অভিযোগের শুনানি এবং তা দ্রুত নিষ্পত্তির আইনি দায়িত্বও পালন করবে। এছাড়া পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় প্রয়োজনীয় সংযোজন, সংশোধন বা পরিমার্জনের বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়ন করার ক্ষমতাও দেওয়া হয়েছে এই কমিটিকে।


