
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ নভেম্বরের খুলনা সফর সামনে রেখে নগরীর সৌন্দর্যবর্ধন, যানজট নিয়ন্ত্রণ ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে মাঠপর্যায়ে প্রস্তুতি শুরু করেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। এর অংশ হিসেবে কেডিএ নিউ মার্কেট ও সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করেছেন সংস্থাটির চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পরিদর্শন শেষে তিনি মার্কেট ও বাস টার্মিনালের সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রস্তুতিমূলক কাজ দ্রুত শেষ করা এবং এলাকার শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে কেডিএ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর খুলনা সফর নগরবাসীর জন্য আনন্দ ও গৌরবের বিষয়। এ সফরকে কেন্দ্র করে খুলনাকে পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক নগরী হিসেবে তুলে ধরতে হবে। কেডিএ নিউ মার্কেট ও সোনাডাঙ্গা বাস টার্মিনাল জনসমাগমপূর্ণ ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হওয়ায় সেখানে যানজট ও জনদুর্ভোগ এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
তিনি আরও বলেন, নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত নাগরিক সুবিধা নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী বাসযোগ্য খুলনা গড়ে তুলতে কেডিএ কাজ করছে। সোনাডাঙ্গা বাস টার্মিনালের আধুনিকায়ন এবং নিউ মার্কেট চত্বরের শৃঙ্খলা ফেরাতে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফর সফল করতে এবং খুলনার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে কেডিএর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পরিদর্শনের সময় সংশ্লিষ্ট এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতিমূলক কাজ শেষ করতে কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন কেডিএ চেয়ারম্যান।
এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শফিকুল ইসলাম, কেডিএর সদস্য মো. ইকবাল হোসেন ও রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা, সিনিয়র বৈষয়িক কর্মকর্তা মো. আব্দুল্লাহ কবি সাদ, অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সাঈদুল হক, অথরাইজড কর্মকর্তা মোরতোজা আল মামুন এবং নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


