
একটি জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে হয়, আর বিগত বছরগুলোতে সেটিই হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) খুলনা বিভাগীয় কমিশনারের অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, নকলের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এবছর থেকে নয়টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও একই পদ্ধতি চালু করা হবে। প্রশ্নফাঁস সংক্রান্ত কোনো পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হলে সংশ্লিষ্টদের দ্রুত শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হবে।
তিনি আরও বলেন, ডিজিটাল নকলের ঘটনায় শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে। একই সঙ্গে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে মিড-ডে মিল চালু করা হবে এবং শিক্ষার কোনো পর্যায়েই সেশনজট থাকতে দেওয়া হবে না। এছাড়া দীর্ঘদিন ধরে শহরে অবস্থান করা গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।


