
দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রদায়িক উসকানি ও বিদ্বেষ যেন সমাজে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বাংলাদেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। ভঙ্গুর অর্থনীতি, বিভাজিত প্রশাসন ও অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে দেশ পুনর্গঠনের পালা এখন।
তিনি বলেন, ধর্ম, বর্ণ ও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিভেদ সৃষ্টি না করে সবাইকে বাংলাদেশি হিসেবে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি অনুযায়ী জীবনযাপনের অধিকার রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এবং ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’। কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।


