সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: খুলনায় নাহিদ ইসলাম | চ্যানেল খুলনা

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: খুলনায় নাহিদ ইসলাম

পুরোনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে বর্তমান সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (৯ মার্চ) খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির খুলনা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এ সরকার হাওয়ার ওপর দিয়ে আসেনি। নিয়মতান্ত্রিক উপায়ে এই সরকার হয়নি। এ সরকারের বৈধতা জুলাই গণ-অভ্যুত্থান। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাও ছিল গণ-অভ্যুত্থান। যদি সরকার পুরোনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে এ সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে।’

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ এগারো দলীয় জোটের খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ।

বিভিন্ন দলের নেতাদের এই উপস্থিতিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের কারণে আজ আমরা একই মঞ্চে উপস্থিত হতে পেরেছি। শত শত শহীদের রক্তের ওপর আমরা এখানে বসতে পেরেছি। জাতীয় সংসদে এক সাথে বসে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের সব আদেশ বাস্তবায়ন করতে চাই।’

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘পাড়ায়-মহল্লায় চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে কমিটি গঠন করে প্রতিরোধ গড়ে তুলতে হবে, ভয় পাওয়া যাবে না।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘সংসদ অধিবেশন বসলে সংবিধান সংস্কার পরিষদ করা না হলে আমরা সবাই মিলে জাতীয় সংসদের সামনে যাব এবং আমরা বলব গুন্ডা-মাস্তান চাঁদাবাজকে নিয়ে সংসদে কী করবেন, আমরা এদের ঠিক করে দেব।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘লোকজন আমাকে বলছে ধ্বংসাত্মক কথা একটু কমিয়ে বলতে গঠনমূলক কথা যেন বলি। নির্দিষ্ট করে একটি বিষয় বলতে চাই, খুলনায় ভারত একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র করেছে। এটি পরিবেশের জন্য খুলনার প্রাণবৈচিত্রের জন্য চরমভাবে হুমকি। এটা অতিসত্বর বন্ধ করে দিতে হবে। শ্রীলঙ্কায় গণ-অভ্যুত্থান হয়েছিল তারাও ভারতকে লালকার্ড দেখিয়ে বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিয়েছে।’

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি সরকারি দলের সদস্যরা। তারা সংবিধানের দোহাই দেয়, অথচ সংবিধানের দোহাই ইতিপূর্বেও অনেকে দিয়েছিল। তাদের পরিণতির কথা স্মরণ করিয়ে দিতে চাই।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সুবিধাভোগী যে দল নির্বাচনের পর সরকার গঠন করেছে, আমরা দেখতে পাচ্ছি আজ তারা সংস্কারের বিষয়ে অনীহা প্রকাশ করছে।’

জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচন হয়েছে কিন্তু ছাত্রছাত্রীদের অধিকার নিশ্চিত হয়নি। শিক্ষার্থীরা তাদের নিজেদের অধিকারের পাশাপাশি দেশের স্বার্থ নিয়ে কথা বলবে।’

এছাড়াও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, দলের যুগ্ম সদস্যসচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, বিএনপির খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মন্জু, জাতীয় নারীশক্তির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম, ডক্টরস অ্যালায়েন্সের সাংগঠনিক সম্পাদক ডা. মনিরুজ্জামান, খুলনা ১ আসনে ১১ দলীয় জামায়াত-এনসিপি জোটের প্রার্থী কৃষ্ণ নন্দী প্রমুখ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ ইসলাম

কোনো দলের একক আধিপত্যবাদ বরদাশত করা হবে না: জামায়াত আমির

সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন ছাত্রদল নেত্রী মানসুরা

এনসিপিতে যোগ দিলেন এবি পার্টি-আপ বাংলাদেশ-বৈছাআর ৩০ নেতা-কর্মী

তেল সংকটে জনদুর্ভোগ চরমে, সরকারি তথ্য নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত আমির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও একে পার্টির প্রতিনিধির সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।