
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির আলোচিত সিনেমা ‘বহুরূপী’র প্রায় দুই বছর পর আবারও ‘ঝিমলি’ চরিত্রে পর্দায় ফিরছেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। এবার তাকে দেখা যাবে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায়। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।
মুক্তির আগে সিনেমাটির প্রচারণায় কৌশানীর ভিন্নধর্মী একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এতে একেবারে মেছুনির সাজে দেখা গেছে অভিনেত্রীকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
ভিডিওতে কৌশানীকে সাধারণ শাড়ি, শক্ত করে বাঁধা খোঁপা ও শ্যামলা মেকআপে দেখা যায়। হাতে বড় বড় মাছ নিয়ে বাজারের মেছুনিদের মতো ক্রেতাদের ডাকছেন তিনি। মাছ কাটার দৃশ্যেও দেখা গেছে তাকে।
বড় মাছ বটিতে কাটতে গিয়ে বেশ বেগ পেতে হয় অভিনেত্রীকে। মজার ছলে তিনি বলেন, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি! দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’
এরপর অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে বাজারের হকারদের মতো গলা তুলে মাছ বিক্রির হাঁকও দেন কৌশানী। তাকে বলতে শোনা যায়, ‘দুশো দুশো, সিলভার দুশো! বড় মাছ, টাটকা মাছ! বাড়িতে সবাই খুশি হবে, নিয়ে যান, নিয়ে যান।’
ভিডিওর শেষ দিকে শুটিং দ্রুত শেষ করার অনুরোধও করেন তিনি। মজার এই প্রচারণা এরই মধ্যে দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে নতুন আগ্রহ তৈরি করেছে।


