
খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের গুলিতে মো. রামীম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজীগ্রামে এ ঘটনা ঘটে।
আহত রামীম বিশ্বাস মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি পারহাজী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনেরবাজার-মধুপুর সড়কের খান ব্রিকসের কাছে আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে বসে ছিলেন রামীম। এ সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার পাঁজরে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে। ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।


