
খুলনা নগরীর লবণচরায় খুশি (২৫) নামে দুই সন্তানের এক মাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জিন্নাপাড়া বউবাজারের সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
নিহত খুশি ওই এলাকার সুমন সরদারের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মা অভিযোগ করেন, তার চোখের সামনেই মেয়েকে ডেকে নিয়ে গুলি করে হামলাকারীরা। পরিবারের সদস্যদের দাবি, ঘটনার সময় কাছাকাছি পুলিশের গাড়ি থাকলেও সহায়তা পাওয়া যায়নি।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের স্বামী সুমন সরদার এলাকায় ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদকসংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলেও জানান ওসি।
তবে হত্যাকাণ্ডের সঙ্গে এসব অভিযোগের সুনির্দিষ্ট সম্পর্ক এবং কারা জড়িত, তা এখনো নিশ্চিত হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।


