
খুলনার খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকায় পৃথক ট্রেনের ধাক্কায় এক তরুণ ও এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকালে পৃথক সময়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলবাড়ি মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুরের আলমনগর এলাকার খবীর উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।
খুলনা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এসএম রায়হান এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর পৌনে ৬টার দিকে সিয়াম ফুলবাড়ি এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাঁর বাম হাত, পা ও মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, খালিশপুরের আলমনগর এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। পরে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ফুলবাড়ি মেইন গেট এলাকায় পৌঁছালে সকাল ৯টার দিকে খুলনা থেকে ঈশ্বরদীগামী রূপসা এক্সপ্রেসের ধাক্কায় মাটিতে পড়ে যান তিনি। এতে তাঁর একটি পা ও মাথায় আঘাত লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়।
এসআই এসএম রায়হান জানান, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। মাথায় আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।


