
খুলনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয় লোকজন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন কৌশিক, ইয়াছিন ও বাদল চক্রবর্তী। তাঁদের মধ্যে কৌশিক ও ইয়াছিনকে বৃহস্পতিবার সকালে লবণচরা থানা এলাকার টেক্সটাইল মিলের সামনে থেকে আটক করা হয়। তাঁরা বটিয়াঘাটার বাসিন্দা এবং বয়স ২১ থেকে ২২ বছরের মধ্যে। অন্যদিকে বাদল চক্রবর্তীকে বুধবার রাতে ময়লাপোতা ইকবালনগর স্কুলের সামনে থেকে আটক করা হয়। তিনি খুলনা সদর থানার টুটপাড়া এলাকার জোড়াকল বাজারের বাসিন্দা।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু জানান, নাশকতা ঠেকাতে দলের নেতাকর্মীরা সারা রাত বিভিন্ন স্থানে পাহারা দিয়েছেন। বৃহস্পতিবার ভোরে তিনি ও জেলা বিএনপির সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পি রাস্তায় বের হলে চার যুবকের সন্দেহজনক চলাফেরা চোখে পড়ে। তাঁদের ধাওয়া করলে একজনকে ছাত্রলীগ নেতা চয়ন হিসেবে শনাক্ত করা হয়। তিনি পালিয়ে গেলেও দুজনকে আটক করা সম্ভব হয়।
মনিরুজ্জামান মন্টুর দাবি, আটক যুবকেরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি পরিত্যক্ত বাসে আগুন দিয়ে অন্য স্থানে নাশকতার পরিকল্পনা করছিলেন। তাঁদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনে বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ভিডিও পাওয়া গেছে। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পি বলেন, সকালে তাঁরা মোটরসাইকেলে কুদির বটতলা এলাকায় যান। ফেরার পথে একটি মোটরসাইকেল তাঁদের দেখে থেমে যায় এবং অন্যটি একটি গলিতে ঢুকে পড়ে। পরে আটক দুজনের কাছ থেকে জানতে পারেন, বটিয়াঘাটার চয়নের নেতৃত্বে তাঁরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি পরিত্যক্ত বাসে আগুন দিয়ে অন্যত্র নাশকতার চেষ্টা করছিলেন। তবে আটক ব্যক্তিদের কোনো রাজনৈতিক পদ-পদবি পাওয়া যায়নি।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, আটক কৌশিক ও ইয়াছিনের আওয়ামী লীগের কোনো পদ-পদবি নেই। তবে তাঁরা দলটির সমর্থক। তাঁদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে তেল নিতে তাঁরা লবণচরা এলাকার একটি পেট্রোলপাম্পে এসেছিলেন। সন্দেহ হওয়ায় বিএনপি নেতারা তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
অন্যদিকে, বুধবার রাতে ময়লাপোতা ইকবালনগর স্কুলের সামনে থেকে বাদল চক্রবর্তীকে আটক করা হয়। খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, নাশকতার চেষ্টার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে। তাঁর কোনো দলীয় পদ-পদবি নেই। তিনি আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে।


