
খুলনার তেরখাদা উপজেলায় এক নারীকে (৩১) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার মধুপুর শ্যামনগর পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নারী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের মিকাঈল শেখের ছেলে সামিউল শেখ (২৮), মো. আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) এবং আশরাফ শরীফের ছেলে শাহাজাহান শরীফ (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে দিঘলিয়া যাওয়ার উদ্দেশ্যে তেরখাদার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের বেলেঘাট এলাকায় অপেক্ষা করছিলেন ওই নারী। এ সময় কয়েকজন জেলে তাকে নদী পার করে দেওয়ার কথা বলে নৌকায় তোলেন। তবে নৌকাটি দিঘলিয়ার দিকে না নিয়ে মধুপুর শ্যামনগর পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


