
সুচিত্রা সেনের নাতনি ও অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে রাইমা সেন নিজের অভিনয় দক্ষতায় ভারতীয় শোবিজে আলাদা পরিচিতি তৈরি করেছেন। তবে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। ৪৭ বছরে পা দিলেও কেন বিয়ের সিদ্ধান্ত নেননি—সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নেরই খোলামেলা উত্তর দিয়েছেন রাইমা।
ছোটবেলা থেকেই হলিউড তারকা টম ক্রুজের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়েছেন রাইমা। এ প্রসঙ্গ ধরে সাক্ষাৎকারে সঞ্চালক মজা করে জানতে চান, টম ক্রুজকে না পাওয়ার কারণেই কি তিনি এখনও একা?
হেসে রাইমা বলেন, বিষয়টি নিয়ে তার বোনও মজা করেন। তার ভাষায়, ‘কলকাতায় তেমন কেউ নেই। আর আমি শহরের বাইরে খুব একটা যাই না। সত্যি বলতে কী, এই বয়সে এসে বিয়ে করার তাগিদও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।’
নিজের বিয়ে নিয়ে একসময় মা মুনমুন সেন বেশ উদ্বিগ্ন থাকতেন বলেও জানান রাইমা। তবে সময়ের সঙ্গে মায়ের অবস্থানও বদলেছে। রাইমা বলেন, ‘আগে মা আমার বিয়ে নিয়ে ভীষণ চিন্তা করতেন। এখন দেশ-দুনিয়ার অবস্থা দেখে উল্টো বিয়ে করতে বারণ করেন। বলেন, জোর করে কিছু কোরো না। পরে কখনও একাকিত্বে ভুগলে অনেকগুলো পোষ্য দত্তক নিও।’
সাক্ষাৎকারে রাইমার কাছে জানতে চাওয়া হয়, তিনি ভবিষ্যতে মা হতে চান কি না। জবাবে অভিনেত্রী জানান, শিশুদের তিনি খুব ভালোবাসেন এবং ভবিষ্যতের কথা ভেবেই অনেক আগে ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন।
রাইমার কথায়, ‘আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। সেই সব ভেবে আমি অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ করিয়ে রেখেছি। তবে একটা বিষয় আমার কাছে ভীষণ পরিষ্কার, শুধু মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন।’


