
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের ডিপার্টমেন্টাল ক্লাব বিইসিএম টেকনিক্যাল ক্লাব, কুয়েট (বিটেক)-এর উদ্যোগে আয়োজিত অটোডেস্ক রেভিট ও বিল্ডিং ইনফরমেশন মডেলিং (বিআইএম) বিষয়ক ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ কার্যক্রমটি ১০ই সেপ্টেম্বর শুরু হয়ে ২৫শে সেপ্টেম্বর সমাপ্ত হয়। এতে শিক্ষার্থীরা অটোডেস্ক রেভিটের মাধ্যমে আর্কিটেকচারাল মডেলিং, বিআইএম ওয়ার্কফ্লো, প্রজেক্ট ভিজ্যুয়ালাইজেশনসহ বিভিন্ন ব্যবহারিক বিষয় হাতে-কলমে শেখার সুযোগ পান। ৬১ জন শিক্ষার্থী এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রিল্যান্সার আর্কিটেক্টস অব বাংলাদেশ-এর ফাউন্ডার আল মাসুম, বিইসিএম বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. হাবিবুর রহমান সবুজ এবং বিইসিএম বিভাগের প্রভাষক মো. আব্দুল্লাহ আল মিয়াদ।
ফ্রিল্যান্সার আর্কিটেক্টস অব বাংলাদেশ-এর ফাউন্ডার আল মাসুম বলেন, “বর্তমান স্থাপত্য ও নির্মাণশিল্প দ্রুত ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কাজের উপযোগী সফটওয়্যার দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিইসিএম বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. হাবিবুর রহমান সবুজ বলেন, অটোডেস্ক রেভিট ও বিআইএম বর্তমান নির্মাণশিল্পের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের ওয়ার্কশপ শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে সংযুক্ত করতে সহায়তা করবে।
বিইসিএম বিভাগের প্রভাষক মো. আব্দুল্লাহ আল মিয়াদ বলেন, প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নিয়মিত অনুশীলন ও বাস্তব প্রকল্পভিত্তিক শেখার ওপর গুরুত্ব দিতে হবে। আশা করি, শিক্ষার্থীরা এই ওয়ার্কশপে অর্জিত জ্ঞান ভবিষ্যৎ একাডেমিক ও পেশাগত জীবনে কাজে লাগাবে।
বর্তমান বিটেক সভাপতি মোঃ মোবাশ্বির হোসেন খান বলেন, বিটেক শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীরা অটোডেস্ক রেভিট ও বিআইএম-এর ব্যবহারিক জ্ঞান অর্জনের পাশাপাশি পেশাদার কাজের পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে। ভবিষ্যতেও বিটেক এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
ওয়ার্কশপটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক সময়ের খবর ও দৈনিক খুলনা গেজেট। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
শিক্ষার্থীদের প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন সফটওয়্যার, বিআইএম ও ডিজিটাল নির্মাণ প্রযুক্তিবিষয়ক ওয়ার্কশপ আয়োজনের উদ্যোগ অব্যাহত রাখবে বিইসিএম টেকনিক্যাল ক্লাব, কুয়েট (বিটেক)।


