খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার (১৩ মার্চ) তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জোবায়ের আল নাহিয়ান কুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৯ ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা জেলায়।
পেশাগত জীবনে তিনি চট্টগ্রামে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রভাষক এবং সাউথইস্ট ইউনিভার্সিটির খন্ডকালীন প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
তার এই আকস্মিক প্রয়াণে কুয়েট পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে।


