সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের | চ্যানেল খুলনা

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের

২০৩১ সালের মধ্যে দেশের জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। একই সময়ের মধ্যে এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া প্রণয়ন করেছে সরকার। শিগগিরই এটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

তিনি বলেন, বাংলাদেশকে উৎপাদনকেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা করাই এ নীতিমালার অন্যতম প্রধান লক্ষ্য। ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের। এ লক্ষ্য অর্জনে বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, শিল্প সরবরাহব্যবস্থা এবং দেশি-বিদেশি মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত করা হবে।

তারেক রহমান বলেন, এসএমই প্রতিষ্ঠানগুলোকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ রাখলে চলবে না। বড় শিল্পপ্রতিষ্ঠানের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ সরবরাহকারী ও উপকরণ প্রস্তুতকারক হিসেবে গড়ে তোলার পাশাপাশি রপ্তানিমুখী উৎপাদনব্যবস্থার অংশ করতে হবে।

আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে দেশের ৬৪টি জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে আগামী চার বছরে ২৫ হাজারেরও বেশি উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারী উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, জার্মানি ও ইতালিসহ বিভিন্ন দেশ এসএমই খাতের বিকাশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে।

বিশ্বের মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯০ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ ও স্বনির্ভর করতে এ খাতের উৎপাদন ও সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।

এসএমই খাতের বিকাশে মূলধন ও প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা, দক্ষ জনবলের সংকট এবং বিপণন সমস্যাকে বড় প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেন প্রধানমন্ত্রী। এসব সমস্যা সমাধানে সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের প্রণোদনা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। এসব প্রতিবন্ধকতা দূর করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে বলেও জানান।

তৈরি পোশাকশিল্পের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা প্রমাণিত হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এখন চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পের পণ্য নিয়ে বিশ্ববাজারে প্রবেশের সময় এসেছে।

ইতালির শিল্প ক্লাস্টারভিত্তিক উৎপাদনব্যবস্থার উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশটির বিভিন্ন অঞ্চল নির্দিষ্ট পণ্য উৎপাদনের জন্য পরিচিত। কোথাও চামড়াজাত পণ্য ও জুতা, আবার কোথাও সিরামিক টাইলস উৎপাদিত হয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমন্বয়ে এভাবে দেশটি বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

প্রধানমন্ত্রী জানান, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ এবং সৃজনশীল অর্থনীতির কর্মসূচির আওতায় বিকশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের উন্নয়নে জাতীয় ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং আঞ্চলিক পর্যায়ে এর কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, স্থানীয় পণ্যের আধুনিক নকশা, গুণগত মান ও যথাযথ প্যাকেজিং নিশ্চিত করে আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে হবে। এ ক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাদেরও সহযোগিতা করবে সরকার।

আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের প্রসারে সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো শহরে বাংলাদেশি এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলার আয়োজনের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। এতে উদ্যোক্তারা সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে নিজেদের পণ্য তুলে ধরার সুযোগ পাবেন।

সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পাটজাত পণ্যসহ বিভিন্ন শিল্পপণ্য প্রদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সেখানে বিদেশি ক্রেতারা বাংলাদেশের পণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন। অনেকে পণ্যের অর্ডার দিতেও চেয়েছিলেন। তবে অর্ডার গ্রহণের প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যায়নি।

ভবিষ্যতে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের পাশাপাশি উদ্যোক্তাদের অর্ডার গ্রহণের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। বিদেশি ক্রেতারা যাতে সরাসরি অর্ডার দিতে পারেন এবং প্রয়োজনীয় ব্যাংকিং ও লেনদেনের ব্যবস্থা মেলায়ই থাকে, সে প্রস্তুতি নিতে হবে বলে জানান প্রধানমন্ত্রী।

আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ, জিআই, ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনে সহায়তা এবং দেশি-বিদেশি ক্রেতাদের সঙ্গে উদ্যোক্তাদের সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নারী উদ্যোক্তাদের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। তাঁদের মেধা, শ্রম ও সৃজনশীলতা অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের এসএমই মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী। তাঁরা বুটিক ও পোশাকশিল্প, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বাজারজাত করছেন।

নারী উদ্যোক্তাদের অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ, ব্যবসায়িক নেটওয়ার্ক ও পণ্য বিতরণের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে সরকার বিশেষ উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি।

তরুণ ও নতুন উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বছরের পর বছর চাকরির পেছনে সময় ব্যয় না করে এসএমই খাতের মাধ্যমে নিজেদের চাকরিদাতা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নেওয়া প্রয়োজন। মেলায় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তাদের জীবনসংগ্রাম ও সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা জোগাবে বলেও মন্তব্য করেন তিনি।

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। এর আগে বেলা ১১টায় ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য সামনে রেখে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করেন তিনি।

মেলার অংশ হিসেবে সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ দেওয়া হয়। প্রধানমন্ত্রী তাঁদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কারের বিভাগগুলোর মধ্যে ছিল বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রধানমন্ত্রী কর্নার আরও সংবাদ

বাংলাদেশকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়তে চাই: তারেক রহমান

সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশি বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট যাবে মহাকাশে: তারেক রহমান

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর

কপ-৩১-এর ফাঁকে তারেক-আলবানিজ বৈঠক, গুরুত্ব পেল তিন ইস্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।