
লিঙ্গসমতা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে খুলনায় নিয়োগকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ইউসেপের খুলনা অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে গ্রিভেট প্রকল্পের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তা, গণমাধ্যম প্রতিনিধি, প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনেরা অংশ নেন।
উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন ইউসেপ খুলনা অঞ্চলের সামাজিক অন্তর্ভুক্তি ও কর্মসংস্থান বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাসরিন আক্তার। তিনি বলেন, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা এবং নিরাপদ পরিবেশ গড়ে তুলতে নিয়োগকর্তা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনা পর্বে জেন্ডার সমতা, কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় তুলে ধরেন বিশিষ্ট সমাজকর্মী ও উদ্যোক্তা মুক্তা জামান রাখী। তিনি বলেন, নারীদের পাশাপাশি প্রতিবন্ধী কর্মীদের জন্যও নিরাপদ ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।
যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য দেন দৈনিক কালের সাক্ষী পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাবিবা খাতুন। তিনি কর্মক্ষেত্রে এসব বিষয়কে স্বাভাবিক ও মর্যাদার সঙ্গে দেখার আহ্বান জানান।
শিশু, বাল্য ও জোরপূর্বক বিবাহের প্রভাব নিয়ে বক্তব্য দেন বিশিষ্ট উদ্যোক্তা রাবেয়া খাতুন। তিনি বলেন, বাল্যবিবাহ নারীদের শিক্ষা ও কর্মজীবনে বড় বাধা হয়ে দাঁড়ায়।
উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। নিরাপদ ও সমতাভিত্তিক কর্মপরিবেশ নিশ্চিত করতে যৌথ উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর নীতিমালা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাপনী পর্বে ইউসেপ খুলনা অঞ্চলের সামাজিক অন্তর্ভুক্তি ও কর্মসংস্থান বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাসরিন আক্তার আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।


