
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত দল’ যৌথভাবে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিরোধী দল জামায়াতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, পরাজিত শক্তি ও ওই দলের কথাবার্তা ও আচরণে মিল রয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, অতীতেও বিএনপির বিরুদ্ধে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার অভিযোগ তুলে অপপ্রচার চালানো হয়েছে। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সতর্ক থাকায় কোনো চক্রান্তকারী তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছে না বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, এবার গত ১৭-১৮ বছরের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ
রিজভী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার ও বিএনপি সমন্বিতভাবে কাজ করছে। চিকিৎসকদের পরামর্শে তৈরি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা, পর্যাপ্ত স্যালাইন সরবরাহ ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
দারিদ্র্য কমবে ৫ শতাংশ: রিজভী
ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণের মাধ্যমে চলতি বছরেই দেশে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমবে বলে দাবি করেন বিএনপির এই নেতা। অর্থনীতিবিদদের বরাত দিয়ে তিনি বলেন, সরকারের এসব উদ্যোগ তারেক রহমান সরকারের বড় অর্জন হবে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


