
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের অগ্রগতিতে আইএমএফ সন্তুষ্ট। তবে ব্যাংকিং খাত, কর-জিডিপি অনুপাত ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে কিছু পর্যবেক্ষণ রয়েছে। এসব বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা এগিয়ে চলছে জানিয়ে তিনি বলেন, মতপার্থক্য থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেও আইএমএফ, বিশ্বব্যাংকসহ বহুপক্ষীয় সংস্থাগুলোর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করা হবে।
উল্লেখ্য, আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভা ১২ অক্টোবর ব্যাংককে শুরু হয়েছে। সভা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।


